আলীকদমে জুলাই দিবসে ছাত্রশিবিরসহ জামায়াতের র্যালি ও আলোচনা সভা
মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে "জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬"-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের যৌথ অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাশুক এলাহী। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি সোয়াইবুল ইসলাম।
আলোচনা সভায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জসিম উদ্দিন বক্তব্য রাখেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হক। বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। তারা শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনার পাশাপাশি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবি জানান।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবু সুফিয়ান, সদর ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক, নয়াপাড়া ইউনিয়ন সভাপতি মুরাদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে র্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে আলীকদম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনফুল এলাকার সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।