ঢাকা: ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতিকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালান। এতে শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে ছাত্রদলের কর্মী রাসেলের দাবি, শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত কর্মীরা ক্যাম্পাসে এসে ছাত্রদলের এক কর্মীকে মারধর করেন। এ ঘটনার পর ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
ঘটনার বিষয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।v
App „Eye News BD“
Bemerkungen 0