বগুড়া: বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে জামিল শেখ (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি শাকিল আহমেদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত জামিল শেখ শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে জামিল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় শাকিল আহমেদ তার ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার পরিদর্শক জয়নুল আবেদীন জানান, নিহতের বাবা চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। সোমবার রাতেই প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comments 0