মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে চেয়ারম্যানসহ ১৩ জনকে হত্যার হুমকি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে চেয়ারম্যানসহ ১৩ জনকে হত্যার হুমকি..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে চেয়ারম্যানসহ ১৩ জনকে হত্যার হুমকি..
মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে চেয়ারম্যানসহ ১৩ জনকে হত্যার হুমকি..
ছবি: সংগৃহীত
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

ডাকযোগে পাঠানো একটি পার্সেল। বাইরে সাধারণ মোড়ক, ভেতরে কাফনের কাপড় ও বেনামি হুমকির চিঠি। এমন ঘটনায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পার্সেলে থাকা চিঠিতে আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মীর খোরশেদ আলমসহ ১৩ জনের নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে আদাঐর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পার্সেলটি পৌঁছায়। খোলার পর কাফনের কাপড়ের সঙ্গে একটি বেনামি চিঠি পাওয়া যায়। চিঠিতে মীর খোরশেদ আলমকে উদ্দেশ করে হুমকিমূলক ভাষায় লেখা হয়, “এই চিঠি পাওয়ার পর তোর জীবনে যা আছে করার করে নে। এরপর মাত্র কয়েকদিন বেঁচে থাকবি। আগুন নিয়ে খেলার পরিণাম বুঝবি।”

একই চিঠিতে আনোয়ার হোসেন, মাহমুদ হোসেন, মিসির আলী, আব্দুল গফুর, মিজান কন্ডাক্টর, বজলু, সৈয়দ শিব্বির, আনাস, তালহা, তানজিল ও নোমানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে তাদেরও হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করে তাদের চেয়ারম্যান পদে বসানোর কথাও লেখা হয়েছে বলে অভিযোগ।
এ বিষয়ে মীর খোরশেদ আলম বলেন, “আমি জেনে-শুনে কারও কোনো ক্ষতি করিনি। কারও অভিযোগ থাকলে সরাসরি বলতে পারতেন। আমাকে নিয়ে নানা অপপ্রচার হলেও আমি কখনো প্রতিক্রিয়া দেখাইনি।” তিনি জানান, ঘটনায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং হবিগঞ্জের পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পার্সেলটি কোথা থেকে এসেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।”
রহস্যজনক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনবে—এমন প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Inga kommentarer hittades


News Card Generator