বুধবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকার নর্থ বেঙ্গল সুপার মার্কেটের কয়েকটি দোকানে কিউআর কোডের মাধ্যমে লেনদেনের সূচনা করে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। জনতা ব্যাংক পিএলসি’র পটুয়াপাড়া শাখার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি’র রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. জাহাঙ্গীর হোসেন জোয়াদ্দার। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক নাটোর এরিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সফিকুর রহমান এবং পটুয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. মাসুদ পারভেজ।
এ সময় ব্যাংকের নাটোর অঞ্চলের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাহাঙ্গীর হোসেন জোয়াদ্দার বলেন, “ক্যাশলেস সোসাইটি গঠনের লক্ষ্যে ‘বাংলা কিউআর’ একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সাধারণ ক্রেতারা যেকোনো ব্যাংকের অ্যাপ বা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে সহজেই কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন।”
বিশেষ অতিথিরা বলেন, ‘বাংলা কিউআর’ সেবার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও সরাসরি ডিজিটাল লেনদেনের আওতায় আসবেন। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমার পাশাপাশি দেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাও আরও এক ধাপ এগিয়ে যাবে।