খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দলুয়া বাজার সংলগ্ন ২ নম্বর কলোনী এলাকায় ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ মোঃ টিপু (ছদ্মনাম) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে এলাকাবাসী তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি ফেন্সিডিলের বোতল, ইয়াবা ট্যাবলেট এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দের উদ্যোগ নেয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের পরিমাণ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করলে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, মাদক ও অপরাধ নির্মূলে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ প্রয়োজন।