বড়াইগ্রামে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, পুলিশের বিশেষ অভিযান | আই নিউজ বিডি

বড়াইগ্রামে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, পুলিশের বিশেষ অভিযান..

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
বড়াইগ্রামে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, পুলিশের বিশেষ অভিযান..
বড়াইগ্রামে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, পুলিশের বিশেষ অভিযান..
ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমহান এলাকায় তথাকথিত ‘জিনের বাদশা’, ‘আধ্যাত্মিক চিকিৎসক’ ও ‘অলৌকিক ক্ষমতার অধিকারী’ পরিচয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে..

 

 

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারকচক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও কনটেন্ট প্রচার করে সাধারণ মানুষ, বিশেষ করে দেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তারা নিজেদের অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে নানা ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে।

 

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুর হকের নির্দেশনায় গত ৮ জুন ২০২৬ তারিখে বড়াইগ্রাম থানা পুলিশ ও নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল তল্লাশি করে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে ভিডিও ধারণ ও প্রচারে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস, তথাকথিত অলৌকিক কার্যক্রম প্রদর্শনের বিভিন্ন উপকরণ এবং তদন্তসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত রয়েছে। তদন্তের স্বার্থে এসব আলামতের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে যারা এ প্রতারণার শিকার হয়েছেন, তাদের তথ্য-প্রমাণসহ নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

 

জেলা পুলিশ জানিয়েছে, সাইবার প্রতারণা, ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে প্রতারণা এবং সব ধরনের অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। জনগণের জানমাল রক্ষা ও অপরাধ দমনে নাটোর জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

 

এ ধরনের প্রতারকচক্রের প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সকল নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

Комментариев нет


News Card Generator