কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আমির ফয়সাল নিরব (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নিরব উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর পশ্চিমপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার বড় ছেলে এবং স্থানীয় হাজী আব্দুল বারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে নিরব। গোসল করার সময় হঠাৎ একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে নামেন।
দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিরবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতে স্বজন ও সহপাঠীদের ভিড় জমে যায়। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এলাকাবাসী জানান, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেড়ে গেছে। তাই শিশু-কিশোরদের পুকুর বা জলাশয়ে গোসলের ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সচেতন ও সতর্ক থাকা প্রয়োজন।