লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সিকিরডাঙ্গা আবাসনে সরকারি উদ্যোগে নির্মিত পুকুর, খাল, চলাচলের রাস্তা ও অন্যান্য সম্পদ দীর্ঘদিন ধরে আবাসনের প্রায় ১০০টি পরিবার যৌথভাবে ভোগদখল করে আসছে। কিন্তু গত ১১ আগস্ট ২০২৬ তারিখে এসব সম্পদ বেআইনিভাবে জবরদখলের অভিযোগ ওঠে। এরপর থেকে আবাসনের পুকুরের মাছ লুটপাটসহ বিভিন্নভাবে সরকারি সম্পদের ক্ষতি করা হচ্ছে বলে দাবি করেছেন অভিযোগকারী।
অভিযোগে আরও বলা হয়, কুদ্দুস শেখ, তৌহিদ শেখ, মোক্তার শেখ, সুমন শেখ, সাকিল, দলিল উদ্দিন শেখ, সেকেন শেখ, নুরুল শেখ ও পলাশ গাজীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই মাছ লুটপাটের ধারাবাহিকতা বজায় রেখেছেন। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে অভিযোগকারীকে মারধর করে আহত করার অভিযোগও করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৩ অক্টোবর, ১০ অক্টোবর ও ১৫ অক্টোবর ২০২৬ তারিখে বিভিন্ন সময়ে পুকুরে সেচ দিয়ে ও বিভিন্ন ধরনের জালের সাহায্যে মাছ লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রায় ৭ (সাত) লক্ষাধিক টাকার মাছ লুট করা হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার প্রতিকারের চেষ্টা করেও কোনো সুরাহা না পাওয়ার কথা আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সিকিরডাঙ্গা আবাসনের সম্পদ দখল ও মাছ লুটের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, সংবাদ সংগ্রহ ও ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ অবস্থায় আবাসনের সাধারণ ও নিরীহ পরিবারগুলোর স্বার্থ রক্ষা, সরকারি সম্পদ উদ্ধার এবং মাছ লুটপাট বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।