মো ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মরণঘাতী ও বিরল প্রকৃতির বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ (কলম পিস্তল) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮, বরিশাল। সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে অর্থাৎ ১৯ মে আনুমানিক রাত ২টা ১০ মিনিটে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ সফল অভিযান চালানো হয়।
র্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নৈকাঠি গ্রামে অবৈধ আগ্নেয়াস্ত্রের উপস্থিতি রয়েছে—এমন একটি গোপন ও সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল মধ্যরাতে ওই এলাকায় অবস্থান নেয়। পরে স্থানীয় বাসিন্দা মোঃ নান্নু শিকদারের বসতবাড়ির পেছনের ঢালাই গলি রাস্তার পাশে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালীন সময়ে সেখানকার একটি মুরগির খোপের পেছনে নীল রঙের পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত কর্মকর্তাদের উপস্থিতিতে পলিথিনটি খুলে সেখান থেকে নিখুঁত কার্যক্ষমতাসম্পন্ন একটি বিদেশি ‘পেন গান’ উদ্ধার ও শনাক্ত করা হয়।
র্যাব জানায়, উদ্ধারের পরপরই স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি আইন মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। উদ্ধারকৃত এই মরণঘাতী আলামতটি পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই অস্ত্রটি কার বা কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
অভিযান প্রসঙ্গে র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা বলেন, “সন্ত্রাস, অবৈধ অস্ত্রধারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি অপরাধমুক্ত সমাজ গঠনে র্যাব-৮ সর্বদা মাঠে তৎপর রয়েছে।”
এলাকায় এ ধরনের আধুনিক ও মরণঘাতী ছদ্মবেশী অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comentarios 0