মো ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি ঝালকাঠি
ঝালকাঠির নলছিটিতে ধারের টাকা ফেরত চাওয়ার জেরে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুটি দাঁত ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। হামলায় ওই কর্মচারী রক্তাক্ত ও গুরুতর জখম হয়েছেন।
সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকার প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান গত বছরের ঈদুল আজহার পর ওই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামানের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। পাওনা টাকা ফেরত চাইলে অধ্যক্ষ দীর্ঘ ৬ থেকে ৭ মাস গড়িমসি করার পর তিন মাস আগে তা পরিশোধ করেন। তবে অধ্যক্ষের টাকা ধার নেওয়ার বিষয়টি কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের মধ্যে জানাজানি হয়ে গেলে ওয়াহিদুজ্জামানের ওপর চরম ক্ষুব্ধ হন অধ্যক্ষ হাফিজুর রহমান।
এরই ধারাবাহিকতায়, সোমবার বেলা ১১টার দিকে অধ্যক্ষ হাফিজুর রহমান ওয়াহিদুজ্জামানকে কলেজের অফিস কক্ষে ডেকে নেন এবং টাকা ধারের বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কথা কাটাকাটির একপর্যায়ে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে ওয়াহিদুজ্জামানের মুখে এলোপাতাড়ি ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই তার মুখের সামনের দুটি দাঁত ভেঙে পড়ে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন।
পরে উপস্থিত সহকর্মীরা আহত অবস্থায় ওয়াহিদুজ্জামানকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, "কথা বলার একপর্যায়ে আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম, যার কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। এটি আমার বড় ভুল হয়েছে এবং এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।" ঘটনার সমাধান প্রসঙ্গে তিনি জানান, কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিষয়টি নিয়ে বসে ফয়সালা করবেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0