গলাচিপায় অতিরিক্ত দামে তেল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা | আই নিউজ বিডি

গলাচিপায় অতিরিক্ত দামে তেল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পটুয়াখালীর গলাচিপায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি ও ভোজ্য তেল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তর। বাদুরা বাজারে পরিচালিত..
Eidok-এ শেয়ার
গলাচিপায় অতিরিক্ত দামে তেল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল ও ভোজ্য তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব।
মঙ্গলবার (২১ এপ্রিল) র‍্যাব-৮-এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, জ্বালানি ও ভোজ্য তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাদুরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪০ ধারা লঙ্ঘনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মজুতদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিল। এ ধরনের অনিয়ম প্রতিরোধে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
র‌্যাবের পক্ষ থেকে সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—অবৈধ মজুতদার ও অতিরিক্ত মুনাফাখোরদের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে।

commentaires 0

Aucun commentaire trouvé