সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের মেধা ও যোগ্যতার লড়াই | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের মেধা ও যোগ্যতার লড়াই

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের মেধা ও যোগ্যতার লড়াই
সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের মেধা ও যোগ্যতার লড়াই
ছবি: সংগৃহীত
****

"সেবার ব্রতে চাকরি"—এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৬-এর দ্বিতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে এই শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিনে যারা শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে উত্তীর্ণ হয়েছিলেন, দ্বিতীয় দিনে তাদের কঠিন শারীরিক কসরতের সম্মুখীন হতে হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এদিন প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প এবং হাই জাম্প—এই চারটি ইভেন্টে অংশ নিতে হয়েছে। রোদ-গরম উপেক্ষা করে কয়েকশ তরুণ-তরুণী তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু’র সার্বিক তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে। নিয়োগ বোর্ড সূত্রে নিশ্চিত করা হয়েছে, কোনো প্রকার তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। সম্পূর্ণ মেধা, যোগ্যতা এবং শারীরিক সক্ষমতার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা পুলিশ এক বিবৃতিতে জানায়, "আমরা একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রার্থীদের শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ আমাদের এই লক্ষ্য পূরণে সহায়তা করছে।"

নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত একটি উচ্চপর্যায়ের বোর্ড তদারকি করছে। এ সময় উপস্থিত ছিলেন, 

ঢাকা সিআইডির পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)। এছাড়াও সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং মেডিকেল বোর্ডের সদস্যগণ সার্বক্ষণিক মাঠে থেকে প্রতিটি প্রার্থীর শারীরিক সক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

মাঠে উপস্থিত একাধিক প্রার্থীর সাথে কথা বলে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ার আধুনিক ও স্বচ্ছ পদ্ধতিতে তারা অত্যন্ত সন্তুষ্ট। কোনো প্রকার হয়রানি ছাড়াই তারা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, এই ধাপগুলোতে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার লক্ষে এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator