আমিনবাজারে ১৭ বছর পর জেগে উঠছে হাসপাতাল: ৭ দিনের মধ্যে চালুর নির্দেশ। .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমিনবাজারে ১৭ বছর পর জেগে উঠছে হাসপাতাল: ৭ দিনের মধ্যে চালুর নির্দেশ। ..

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
আমিনবাজারে ১৭ বছর পর জেগে উঠছে হাসপাতাল: ৭ দিনের মধ্যে চালুর নির্দেশ। ..
আমিনবাজারে ১৭ বছর পর জেগে উঠছে হাসপাতাল: ৭ দিনের মধ্যে চালুর নির্দেশ। ..
ছবি: সংগৃহীত
সাভার আশুলিয়া প্রতিনিধি : শরীফ মিয়া 

 আমিনবাজারে ১৭ বছর পর জেগে উঠছে হাসপাতাল: ৭ দিনের মধ্যে চালুর নির্দেশ। 

সাভারের আমিনবাজারে দীর্ঘ ১৭ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল অবশেষে সচল হতে যাচ্ছে। স্থানীয় মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণে দ্রুত পদক্ষেপ নিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান, যিনি আগামী সাত দিনের মধ্যে হাসপাতালটি চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন।
শনিবার (দুপুরে) আমিনবাজারে অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এ নির্দেশ দেন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় হাসপাতালটির ভবন, ওয়ার্ড, চিকিৎসা সরঞ্জামসহ সার্বিক পরিবেশে অবনতি দেখা দেয়। উদ্বোধনের দিন থেকেই পরিচ্ছন্নতা, সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।
এ সময় আমান উল্লাহ আমান বলেন,
“একদিনে সব কিছু পরিবর্তন করা সম্ভব নয়, তবে সাধারণ মানুষ যেন অন্তত প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত না হয়—সেটাই আমাদের প্রথম লক্ষ্য। হাসপাতালটি দ্রুত চালু করতে যা যা প্রয়োজন, সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”
তিনি সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, জরুরি ভিত্তিতে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবা চালু করতে হবে। পরবর্তীতে ধাপে ধাপে উন্নত চিকিৎসা সেবাও চালুর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত সিভিল সার্জন ডা. ফারহানা কবির এবং সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা। তারা জানান, হাসপাতালটি দ্রুত চালুর জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং জনবল ও সরঞ্জাম নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই হাসপাতালটি চালুর দাবি জানিয়ে আসছিলেন। তাদের অভিযোগ, হাসপাতালটি বন্ধ থাকায় জরুরি চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে হয়, যা সময় ও ব্যয়ের দিক থেকে কষ্টকর। অনেক ক্ষেত্রে রোগীদের ঝুঁকির মধ্যেও পড়তে হয়।
এদিকে হাসপাতাল চালুর খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশাবাদ দেখা দিয়েছে। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যেই অন্তত প্রাথমিক চিকিৎসা সেবা চালু হলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে।
স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ পরিকল্পনা ও তদারকি থাকলে আমিনবাজারের এই হাসপাতালটি শুধু স্থানীয়দের জন্য নয়, আশপাশের এলাকাবাসীর জন্যও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator