সুন্দরবন, নদী ও পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি গঠন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সুন্দরবন, নদী ও পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি গঠন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সুন্দরবন, নদী ও পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি গঠন..
সুন্দরবন, নদী ও পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি গঠন..
ছবি: সংগৃহীত
‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধিসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাবের সাতক্ষীরা শাখা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধিসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাবের সাতক্ষীরা শাখা। এসব কর্মসূচি বাস্তবায়নে ১১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সাতক্ষীরায় আয়োজিত সংগঠনটির সাধারণ সভায় পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীন। স্বাগত বক্তব্য দেন সমন্বয়কারী ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।

সভায় বক্তারা বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষা শুধু কোনো সংগঠনের দায়িত্ব নয়; এটি প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনাঞ্চল সংরক্ষণ, নদ-নদী রক্ষা, দূষণ প্রতিরোধ ও বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিতে হবে। প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনযাত্রা, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। তাই পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে সামাজিক উদ্যোগের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি।

বছরজুড়ে পরিবেশ সুরক্ষায় নানা কর্মসূচি:

সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী জুন-জুলাই মাসে উপযুক্ত স্থান নির্বাচন করে প্রতিটি শাখায় অন্তত ৩০০টি চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০০টি ফলদ, ১০০টি বনজ ও ১০০টি ঔষধি গাছের চারা থাকবে। বৃক্ষরোপণে সফল তিনটি শাখাকে কেন্দ্রীয়ভাবে পুরস্কৃত করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি সদস্যরা ব্যক্তিগত উদ্যোগে সারা বছর বৃক্ষরোপণ করবেন।

পরিবেশ ও জলবায়ুবিষয়ক সচেতনতা বাড়াতে ২ থেকে ৩ মিনিটের ভিডিওচিত্র এবং আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হবে। নির্বাচিত সেরা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি বিজয়ীদের পুরস্কৃত করা হবে। সদস্যদের পরিবেশবিষয়ক লেখা ও ছবি ‘প্রকৃতিবার্তা’ ম্যাগাজিনে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে বিদ্যালয় পর্যায়ে বিতর্ক, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবিষয়ক ভিডিও প্রদর্শনীর পাশাপাশি নদীর তীর, পার্ক, সড়ক, বনাঞ্চল, শহীদ মিনার ও পাঠাগারে মাসিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া প্রকৃতিবিষয়ক বই নিয়ে নিয়মিত পাঠচক্র, স্থানীয় পর্যায়ে পাঠাগার স্থাপন, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং রক্তদান, চিকিৎসাসেবা, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণের মতো মানবিক কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। সদস্যদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে প্রাকৃতিক পরিবেশে ইকো ট্যুরিজমের আয়োজন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে প্রতি মাসে কার্যনির্বাহী বৈঠক ও প্রতি তিন মাস অন্তর সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, বিভিন্ন কর্মসূচির তথ্য ও ভিডিওচিত্র কেন্দ্রীয় পর্ষদে পাঠানো হবে। সারা বছরের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে সেরা ১০টি ক্লাবকে ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড’ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

১১ সদস্যের নতুন পরিচালনা কমিটি:

সাধারণ সভার শেষপর্বে প্রকৃতি ও জীবন ক্লাবের সাতক্ষীরা শাখার ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটিতে অ্যাডভোকেট মুনির উদ্দীন সভাপতি এবং মো. আব্দুস সামাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মো. ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক, অর্থ সম্পাদক মো. আসাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হোসেন আলী, দপ্তর সম্পাদক মাশকুরা পারভীন মৌ, নারী বিষয়ক সম্পাদক উম্মে ফুয়ারা রানী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম শহীদুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এসএম সাজেদুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক অর্পণ বসু।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, চিকিৎসক সুশান্ত কুমার ঘোষ, অধ্যাপক পবিত্র মোহন দাশ, শেখ সিদ্দিকুর রহমান, মাধব চন্দ্র দত্ত, আলী নূর খান বাবুল; সহসভাপতি জ্যোৎস্না দত্ত, প্রবীর চন্দ্র দত্ত ও সত্যপ্রকাশ দত্ত; কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

পরিবেশ সংরক্ষণে গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে সাতক্ষীরার প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততা বাড়বে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator