মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ঘুরতে গিয়ে এক পর্যটক তরুণী অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মো. জসিম মিয়া (৩৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত শাহীন মিয়া এখনও পলাতক রয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী তরুণী তার এক পরিচিত আত্মীয়কে সঙ্গে নিয়ে মাধবপুর বাজার থেকে সিএনজি অটোরিকশাযোগে সাতছড়ি ও সুরমা চা বাগান এলাকায় বেড়াতে যান। সন্ধ্যা ৬টার দিকে তারা বাগানের সামনে সিএনজি রেখে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা ‘ডাকাত’ পরিচয়ে ধাওয়া দিলে তরুণীর সঙ্গে থাকা যুবক প্রাণভয়ে পালিয়ে যান।
এরপর অভিযুক্তরা তরুণীকে জোরপূর্বক অপহরণ করে বাগানের গভীর নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং শারীরিকভাবে নির্যাতন চালানো হয়। একই সঙ্গে তার কানে থাকা স্বর্ণের এক জোড়া দুল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী চিৎকার শুরু করলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করে। এদিকে তরুণীর সঙ্গে থাকা যুবক দ্রুত মাধবপুর থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই জসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং পলাতক সহযোগীর নাম জানিয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সকল অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সুরমা চা বাগানে পর্যটক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
সুরমা চা বাগানে পর্যটক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১..
ছবি: সংগৃহীত
Комментариев нет