টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল বাজারে এক বিকাশ এজেন্টের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডুবাইল বাজারে অবস্থিত শাওন টেলিকম নামের দোকানটি থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা চুরি করা হয়। দোকান মালিক লুৎফর রহমান জানান, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। পরে স্টিলের আলমারি ভেঙে সেখানে রাখা নগদ অর্থ নিয়ে যায়।
নামাজ শেষে দোকানে ফিরে এসে তিনি আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় দোকানের মেঝেতে রক্তের দাগও লক্ষ্য করা যায়। ধারণা করা হচ্ছে, টিনের বেড়া বা আলমারি ভাঙার সময় চোরের শরীরের কোনো অংশ কেটে গিয়ে রক্তপাত হয়েছে।
ঘটনার খবর পেয়ে গোপালপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় গোপালপুর উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক কাজী লিয়াকত উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Kommentarer 0