হবিগঞ্জ–৪ আসন : ভোটের মাঠে ধানের শীষ, চা বাগানে বাড়ছে সাড়া | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হবিগঞ্জ–৪ আসন : ভোটের মাঠে ধানের শীষ, চা বাগানে বাড়ছে সাড়া

Nahid Hasan avatar   
Nahid Hasan
হবিগঞ্জ–৪ আসন : ভোটের মাঠে ধানের শীষ, চা বাগানে বাড়ছে সাড়া
হবিগঞ্জ–৪ আসন : ভোটের মাঠে ধানের শীষ, চা বাগানে বাড়ছে সাড়া
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
আর মাত্র পাঁচ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের নির্বাচনী মাঠে তৎপরতা বাড়ছে। বিশেষ করে এ আসনের বিভিন্ন চা বাগান এলাকায় লক্ষ্য করা যাচ্ছে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক আগ্রহ।
এ আসনে মোট ২৩টি চা বাগানে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণা চললেও সাম্প্রতিক সময়ে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এবং তাঁর পরিবারের সদস্যদের ধারাবাহিক গণসংযোগ চা শ্রমিকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক, পথসভা ও সরাসরি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।
প্রচারণায় দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুপেয় পানির ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে বলে জানান স্থানীয়রা। চা বাগান এলাকার শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলায় তাদের বিভিন্ন সমস্যার কথা উঠে আসছে বলেও জানা গেছে।
স্থানীয় চা শ্রমিকদের কয়েকজন জানান, অতীতের তুলনায় এবার চা বাগান এলাকায় ভোটকেন্দ্রিক আলোচনা ও অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। প্রার্থী ও তাঁর প্রতিনিধিরা বাগানের দুর্গম এলাকাগুলোতেও গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন, যা তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
সরেজমিনে তেলিয়াপাড়া চা বাগানে কথা হয় নারী শ্রমিক শেফালি সাঁওতালের সঙ্গে। তিনি বলেন,
“এবার নির্বাচনে প্রার্থীরা আমাদের এলাকায় এসে কথা বলেছেন, আমাদের সমস্যার কথা শুনেছেন। এতে শ্রমিকদের মধ্যে ভোট নিয়ে আগ্রহ বেড়েছে।”
চানপুর চা বাগানের নারী শ্রমিক খায়রুন আক্তার জানান, এবারের নির্বাচনী আলোচনায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। তিনি আরও জানান, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) বিভিন্ন চা বাগানের শ্রমিকরা একত্র হয়ে সভা করার পরিকল্পনা করছেন।
এদিকে নোয়াপাড়া চা বাগানে গণসংযোগকালে চা শ্রমিক নেতা সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তাদের মতে, কর্মসংস্থান ও প্রশিক্ষণের সুযোগ বাড়লে চা শ্রমিকরা দেশের উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবেন।
সামগ্রিকভাবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ–৪ আসনের চা বাগান এলাকাগুলোতে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ ও রাজনৈতিক সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator