খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।বুধবার (১৪ জানুয়ারি) দিনভর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন। অভিযানে দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা উপস্থিত ছিলেন। অভিযানে এমডিডি, এমডিবি, এমকেএম ও এসএ নামের চারটি ইটভাটাকে জরিমানা করা হয়। এরমধ্যে এমডিডি ইটভাটাকে ৩ লাখ টাকা, এমডিবি ইটভাটাকে ৫ লাখ টাকা, এমকেএম ইটভাটাকে ৩ লাখ টাকা এবং এসএ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন বলেন, আমাদের কাছে তথ্য ছিল এলাকায় স্থাপিত ভাটাগুলো অবৈধ। অভিযানকালে দেখা যায়, চারটি ইটভাটার কোনোটির জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও লাইসেন্স নেই। এছাড়া কাঁচা মাটি সংগ্রহের ক্ষেত্রেও কোনো বৈধ অনুমতি নেই। কৃষিজমির টপ সয়েল কিংবা পাহাড় কেটে মাটি আনা হচ্ছে কি না তারও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি মালিকপক্ষ।