আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সুয়ালক ইউপি চেয়ারম্যান; পদ শূন্য | আই নিউজ বিডি

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সুয়ালক ইউপি চেয়ারম্যান; পদ শূন্য

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্কুনু মারমা।..
Eidok-এ শেয়ার
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সুয়ালক ইউপি চেয়ারম্যান; পদ শূন্য
ছবি: সংগৃহীত


বান্দরবান প্রতিনিধি

বাগান লুট, হুমকি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্কুনু মারমাকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের আদালত। এর ফলে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়েছে।
আদালতসূত্রে জানা যায়, ভুক্তভোগী পক্ষ বাগান লুট ও শারীরিকভাবে মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে তজন্ত শেষে  চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৩য় আদালত চেয়ারম্যান উক্কুনু মারমার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের নথি অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারায় জারিকৃত এসব গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (প্রসিকিউশন) বরাবর নির্দেশনা পাঠানো হয়। পরোয়ানায় আসামির নাম, পরিচয়, ঠিকানা ও মামলার সংশ্লিষ্ট রেফারেন্স নম্বর উল্লেখ রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে গত ১৩ জানুয়ারি উক্কুনু মারমা স্বেচ্ছায় চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৩য় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের আদেশ অনুযায়ী চেয়ারম্যান উক্কুনু মারমাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আদালতের আদেশ কার্যকর হওয়ায় বর্তমানে সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। স্থানীয়দের মতে, ইউনিয়নের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে বান্দরবান সদর উপজেলা প্রশাসন অস্থায়ীভাবে দায়িত্ব প্রদান করতে পারে।
উল্লেখ্য, উক্কুনু মারমা বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে আইনি প্রক্রিয়ার স্বাভাবিক অগ্রগতি হিসেবে দেখছেন, আবার তাঁর সমর্থকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

コメント 0

コメントがありません

関連記事