মাদক চক্রের অভ্যন্তরীণ সংঘর্ষে রক্তাক্ত ব্যবসায়ী | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাদক চক্রের অভ্যন্তরীণ সংঘর্ষে রক্তাক্ত ব্যবসায়ী

Noor Islam avatar   
Noor Islam
মাদক চক্রের অভ্যন্তরীণ সংঘর্ষে রক্তাক্ত ব্যবসায়ী
মাদক চক্রের অভ্যন্তরীণ সংঘর্ষে রক্তাক্ত ব্যবসায়ী
ছবি: সংগৃহীত
যশোরের মণিরামপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এক মাদক কারবারির বাড়িতে ঢুকে সেবনকারী চক্রের সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে ওই ব্যক্তিকে।..

ঘটনাটি ঘটেছে সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে মণিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামে। আহত ব্যক্তি হলেন মোহনপুর গ্রামের আবুল কালামের ছেলে সেলিম ড্রাইভার (৩৫)। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, পাশ্ববর্তী ৫ নম্বর ওয়ার্ডের তাহেরপুর এলাকার ফয়সাল হোসেন (২৫), মমতাজ খাতুনের ছেলে ম্যাক্স তামিম (২৪), মিকাইল হোসেন (৫৫) এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৪–৫ জন যুবক সংঘবদ্ধভাবে সেলিমের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। একপর্যায়ে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে সেলিমের মাথায় আঘাত করা হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।

ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

সেলিমের মামাতো ভাই অভিযোগ করে বলেন, হামলাকারীরা সবাই এলাকায় চিহ্নিত মাদকসেবী ও মাদক সংশ্লিষ্ট। তারা পরিকল্পনা করেই এই নৃশংস হামলা চালিয়েছে। হাসপাতালের বেড থেকেই আহত সেলিম জানান, কয়েকদিন আগে তার একটি পা ভেঙে যাওয়ায় তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ফোনকল না ধরায় ক্ষিপ্ত হয়ে বিবাদীরা বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালায়। তিনি বলেন, (মঙ্গলবার) আদালতের শরণাপন্ন হব।

এ বিষয়ে মণিরামপুর থানার পুলিশ জানায়, আহত সেলিম একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator