হানিফ ও খায়রুলকে নিয়ে গেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হানিফ ও খায়রুলকে নিয়ে গেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
হানিফ ও খায়রুলকে নিয়ে গেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী
হানিফ ও খায়রুলকে নিয়ে গেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী
ছবি: সংগৃহীত
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচরের কালামিয়ার ভারাণী এলাকা থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।..

 

শনিবার (১০ জানুয়ারি) গভীররাতে এ ঘটনা ঘটে। জেলে অপহরণের ঘটনায় সুন্দরবনের জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

একাধিক দস্যু বাহিনীর হাতে জেলে অপহরণ, নির্যাতন, মুক্তিপণ ও চাঁদা আদায়ের ঘটনা নতুন না। 

সুন্দরবনে অহরহ এমন ঘটনা ঘটেই চলছে।

অপহৃত জেলেরা হলেন, আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)। এদের বাড়ী সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকায়। এরা দুজন সুন্দরবনের শেলার চরের মৎস্য ব্যবসায়ী মিজান বহদ্দারের নৌকার জেলে। 

অপহৃত জেলেদের মহাজন মো. মিজান বহদ্দার রবিবার (১১ জানুয়ারি) বিকেলে মোবাইল ফোনে জানান, শনিবার রাত ১২টার দিকে তার জেলেরা টিয়ারচরের কালামিয়া ভারাণী নদীতে মাছ ধরছিলেন। এমন সময় জেলেদের নৌকায় হানা দেয় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সশস্ত্র দস্যুরা। পরে দস্যুরা তার দুটি নৌকা থেকে দুই জেলেকে তুলে নিয়ে যায়। এসময় দস্যুরা জেলেদের মহাজনের সঙ্গে যোগাযোগের জন্য সঙ্গী জেলেদের কাছে তাদের মোবাইল নম্বর দিয়ে যায়। জেলে অপহরণের ঘটনায় শেলারচরসহ বনে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে বলে জানিয়েছেন ওই মৎস্য ব্যবসায়ী।

ব্যবসায়ী আরিফ হোসেন মিঠু জানান, গোটা সুন্দরবন এখন বনদস্যুদের দখলে। তাদের তান্ডবে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা দিশেহারা। দস্যুদের চাঁদা না দিয়ে বনে মাছ ধরার কোনো উপায় নেই। মহাজনদের আগে বিকাশের মাধ্যমে দস্যুদের চাঁদার টাকা পরিশোধ করে তবে জেলেদের বনে পাঠাতে হচ্ছে। চাঁদার টাকা না পেলে জেলেদের নির্যাতন ও অপহরণ করছে দস্যুরা। দস্যু দমনে র‌্যাব ও কোষ্টগার্ডের যৌথ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তিনি।

শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আব্দুস ছবুর টিয়ারচরে দুই জেলেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক  (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, টিয়ারচরে জেলে অপহরণের বিষয়টি শুনেছেন তিনি। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হবে।##

 

মাহফুজুর রহমান বাপ্পী

コメントがありません


News Card Generator