ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের (ইসি) জারি করা আচরণবিধি ও গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় নির্বাচনী আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে, যা নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুলুখন্ড আলী আহম্মদ খানের বাড়িতে এই বৈঠকটি আয়োজিত হয়। স্থানীয় সূত্র ও প্রাপ্ত চিত্রে দেখা যায়, এটি সাধারণ উঠান বৈঠক অপেক্ষা একটি নির্বাচনী সমাবেশের রূপ নেয়। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। প্রার্থীর সমর্থনে স্লোগান, ব্যানার এবং ফুলের মালা দিয়ে বরণ—সবকিছুই প্রমাণ করে যে এটি ইসি-এর নিষেধাজ্ঞা অমান্য করে আয়োজন করা হয়েছিল।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, তফসিল ঘোষণার পর যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ ও গণজমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু আলহাজ্ব শফিকুর রহমান কিরন তার বক্তব্যে নেতাকর্মীদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে নেতাকর্মীদের উজ্জীবিত করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের তৎপরতা ছিল। নড়িয়া উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস সংবাদমাধ্যমকে জানান, আচরণবিধি লঙ্ঘনের খবর পাওয়ার সাথে সাথেই তিনি পুলিশসহ ঘটনাস্থলের দিকে রওনা হন। তবে তিনি সেখানে পৌঁছানোর আগেই বৈঠকটি শেষ হয়ে যায়। তিনি বলেন, “একটি সামিয়ানা ছাড়া আর কিছু পাইনি। সরজমিনে কাউকে না পাওয়ায় আমরা চলে আসি।” তবে প্রশাসনের উপস্থিতিই প্রমাণ করে যে অভিযোগটি গুরুতর ছিল।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0