২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় সংঘটিত লোমহর্ষক হত্যাকাণ্ডের নয় বছর পর এবার এর ভয়াবহ চিত্র তুলে ধরলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি সেই রাতের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ দমনের কৌশল উন্মোচন করেছেন। তার ভাষ্যমতে, যুবলীগ ও ছাত্রলীগকে ব্যবহার করে আক্রমণ, ভয় দেখানো ও হত্যার কৌশলই সরকার বারবার ব্যবহার করেছে, যা অবশেষে ২০২৪ সালের জুলাইয়ে জাতির প্রতিরোধের মুখে পড়ে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে শফিকুল আলম জানান, ৫ মের রাতের আঁধারে শাপলা চত্বর, পল্টন, বিজয়নগরসহ আশপাশের এলাকায় সংঘর্ষ তীব্র রূপ নেয়। তিনি দিলকুশার এএফপি অফিস থেকে প্রত্যক্ষ করেন, শাপলা চত্বরে হাজার হাজার হেফাজত সমর্থকের ভিড়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের খবর আসতে শুরু করে।
প্রেস সচিব সেই রাতের প্রথম বড় তথ্যের উল্লেখ করে বলেন, শাহিদবাগ–মালিবাগের বারাকা জেনারেল হাসপাতালে ছয়জন হেফাজত সমর্থকের লাশ নেওয়া হয়, যাদের প্রত্যেকের মাথায় গুলির চিহ্ন ছিল। তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী স্থানীয় পত্রিকাগুলো মৃতের সংখ্যা কম দেখালেও, আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর অনুসন্ধানে এই সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরদিন কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতাল ও নারায়ণগঞ্জের কাঁচপুর-সিদ্ধিরগঞ্জ এলাকা থেকেও হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত হয়, যেখানে পরিবহন বন্ধ থাকায় হেঁটে ফেরা প্রায় ২০ জন হেফাজত সমর্থককে বিডিজি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা গুলি করে হত্যা করে।
তৎকালীন সময়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ পুলিশ কর্তৃক হত্যার ঘটনা দৃঢ়ভাবে অস্বীকার করেন এবং সামান্য হতাহতের দাবি করেন। তবে প্রেস সচিবের মতে, সেই রাতে ৪৯ জনের মৃত্যুর হিসাব নিশ্চিত করেছিলেন তারা। তিনি আরও জানান, পরবর্তীতে হিউম্যান রাইটস ওয়াচ ও অধিকার সংগঠন মৃতের সংখ্যা ৬০-এর কাছাকাছি বলে অনুমান করে। সবচেয়ে বিস্ফোরক তথ্যটি হলো, পল্টন ও কেন্দ্রীয় এলাকায় অনেক হত্যাকাণ্ডই ঘটিয়েছে অস্ত্রধারী যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। তাদের মধ্যে জাহিদ সিদ্দিকী তারেক ও রিয়াজ মিল্কি নামের দুই কর্মীর করুণ পরিণতির কথাও তিনি উল্লেখ করেন। প্রেস সচিব উপসংহারে বলেন, ১১ বছর ধরে আওয়ামী লীগ একই কৌশল বারবার ব্যবহার করেছে, যা ২০২৪ সালের জুলাইয়ে জনগণের প্রতিরোধের মুখে ব্যর্থ হয়।
Приложение «Eye News BD»
Комментарии 0