যশোরের চৌগাছায় আক্তারুজ্জামান (৪৬) নামে এক পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী শাহিনা আক্তার শিমা চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
নিখোঁজ আক্তারুজ্জামান সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের মৃত আনিচুর বিশ্বাসের ছেলে। তিনি খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৮৪০৩০২৪৬৪৪।
জিডি সূত্রে জানা যায়, স্ত্রী ও সন্তানকে নিয়ে চৌগাছা শহরের ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। গত ২৬ নভেম্বর পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। পরদিন ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
স্ত্রী শাহিনা আক্তার জানান, “তিন দিন ধরে স্বামীর কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেছি।” তিনি আরও বলেন, আক্তারুজ্জামান তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন বাসায় রেখে বের হন। ফলে তাঁর সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “পুলিশ সদস্য নিখোঁজের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
تطبيق «Eye News BD»
تعليقات 0