যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা শাহীবাগ মোড়ে পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আব্দুল আজিজ সরদার (৬০) নামে এক বেকারি মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, বিদেশে যাওয়ার বিষয় নিয়ে পূর্বের একটি লেনদেনকে কেন্দ্র করে মতিয়ার রহমান মাস্টারের ছেলে আব্দুল ছালামের সঙ্গে আজিজ সরদারের কথা কাটাকাটি হয়। তর্কের সময় উত্তেজিত ছালাম আজিজকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান এবং গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অবস্থার অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল ছালাম এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।
নিহত আজিজ সরদারের মালিকানায় ‘ঢাকা আদিপুর’ নামে একটি বেকারি কারখানা ছিল। তিনি মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম বলেন,
“ঘটনাটির কারণ নিয়ে তদন্ত চলছে। প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”