শোরের ঝিকরগাছা উপজেলায় চাচাতো ভাইকে হত্যার দায়ে ছোট পোদাউলিয়া গ্রামের দুই ভাই—ওসমান ও আলী হোসেন—কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। আদালত দণ্ডিতদের প্রত্যেককে আরও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, একই ঘটনায় অভিযুক্ত ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত খালাস দেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম জানান, মাত্র দুই বছরের মধ্যে এ হত্যা মামলার রায় ঘোষণা—জেলা আদালতের জন্য একটি ব্যতিক্রম ও গুরুত্ববহ দৃষ্টান্ত।
মামলার বিবরণ অনুযায়ী, ওসমান ও আলী হোসেনের সঙ্গে তাদের চাচা নুরুল আমিনের ছেলে কামরুল আমিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ওসমান ও আলী হোসেন ধারালো দা দিয়ে কামরুল আমিনের ওপর হামলা করেন।
হামলার সময় কামরুলের বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন এবং ভাইপো আতাউর রহমানও আহত হন। সকলকেই প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থা গুরুতর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কামরুল আমিনের মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বাবা রুহুল আমিন সরদার দুই ভাই ও ওসমানের স্ত্রীকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে উপ-পরিদর্শক বনি ইসরাইল ২০২৪ সালের ৩ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।