মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে হওয়া চুক্তির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তির ভবিষ্যৎ এখন আদালতের ওপর নির্ভরশীল। চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত চুক্তির সকল কার্যক্রম স্থগিত রাখার মৌখিক নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেন।
আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আদালতকে আশ্বস্ত করেন যে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তির কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে। এই আশ্বাসের ভিত্তিতে হাইকোর্ট বেঞ্চ চুক্তির ওপর স্থগিতাদেশের মৌখিক নির্দেশ দেন। আদালতের এমন সিদ্ধান্তে আপাতত বন্ধ হয়ে গেল এনসিটি-কে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া।
দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল। বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত ৩০ জুলাই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন।
আজকের শুনানিতে রিটের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রিটকারীদের দাবি, বন্দর পরিচালনার মতো স্পর্শকাতর জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়ম মানা হয়নি। অপরদিকে, রাষ্ট্রপক্ষ চুক্তিটি জনস্বার্থবিরোধী নয় বলে যুক্তি দেখালেও আপাতত আদালতের নির্দেশ মেনে কার্যক্রম স্থগিত রাখতে সম্মত হয়েছে। এই স্থগিতাদেশ কার্যকর থাকার অর্থ হলো, এনসিটি পরিচালনার দায়িত্ব হস্তান্তরের কোনো পদক্ষেপ এখন নেওয়া যাবে না। দেশের অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের ভবিষ্যতের জন্য এই মামলার চূড়ান্ত রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comentarios 0