জন্মদিনে যে ৫ প্রতিশ্রুতির কথা জানালেন তারেক রহমান

Addressing generational concerns, Tarique Rahman committed to creating a new security shield for women from the workplace to the cyber world.
Auf Eidok teilen
জন্মদিনে যে ৫ প্রতিশ্রুতির কথা জানালেন তারেক রহমান
Foto: Archiv

ঘরে-বাইরে, অনলাইনে-অফলাইনে নারীর নিরাপত্তা অগ্রাধিকার; ডিজিটাল নিরাপত্তার প্রশ্নে পিতা ও নাগরিকের উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

ঢাকা, ২০ নভেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জন্মদিনের বিশেষ পোস্টে প্রযুক্তিনির্ভর বাংলাদেশে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পাঁচটি সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করেছেন। প্রযুক্তির দ্রুত রূপান্তরের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অসংখ্য বাবা-মা এবং দায়িত্বশীল নাগরিকের মতো তিনিও তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হলেও একই সঙ্গে উদ্বিগ্ন। কারণ সুযোগ বাড়লেও হুমকিও বেড়েছে সমানতালে।

আজ সকালে (বৃহস্পতিবার) দেওয়া বার্তায় তিনি স্পষ্ট জানান, যে বাংলাদেশে নারীরা কথা বলার, কাজ করার বা স্বাধীনভাবে বাঁচার চেষ্টার জন্য হয়রানি ও সহিংসতার মুখোমুখি হয়, তা কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নয়। নারীদের অবশ্যই অনলাইন ও অফলাইনে, ঘরে ও বাইরে, সব ক্ষেত্রে নিরাপদ অনুভব করতে হবে। এই লক্ষ্য অর্জনে বিএনপি বিশেষ কিছু অগ্রাধিকারমূলক কর্মসূচির মাধ্যমে এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে চায়।

ঘোষিত পাঁচটি পরিকল্পনার মধ্যে অন্যতম হলো ‘জাতীয় অনলাইন সেফটি সিস্টেম’। এই সিস্টেমের মাধ্যমে সাইবার বুলিং বা আইডি চুরির মতো যেকোনো ডিজিটাল নির্যাতন দ্রুত রিপোর্ট করার জন্য ২৪ ঘণ্টা সচল হটলাইন ও অনলাইন পোর্টাল প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে দ্রুত, পেশাদার ও সম্মানজনক উপায়ে ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি, আপত্তিকর বাংলা কনটেন্ট যাতে দ্রুত অপসারিত হয়, সেজন্য প্রযুক্তি প্ল্যাটফর্মগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে মডারেশনকে আরও শক্তিশালী করা হবে।

এছাড়া, ‘জনজীবনে যুক্ত নারীদের সুরক্ষা প্রোটোকল’ তৈরির মাধ্যমে সাংবাদিক, অ্যাকটিভিস্ট বা জননেতাদের অনলাইন আক্রমণের শিকার হওয়ার পর আইনি ও ডিজিটাল সাপোর্ট নিশ্চিত করার জন্য জাতীয় গাইডলাইন থাকবে। এই উদ্যোগের মাধ্যমে সমাজে নারীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির মধ্যে রয়েছে স্কুল-কলেজ পর্যায়ে ‘ডিজিটাল নিরাপত্তা শিক্ষা’ অন্তর্ভুক্ত করা, যেখানে প্রশিক্ষিত শিক্ষকরা ‘সেফটি ফোকাল পয়েন্ট’ হিসেবে কাজ করবেন। এছাড়াও, ‘কমিউনিটি পর্যায়ে শক্ত প্রতিক্রিয়ার’ অংশ হিসেবে কমিউনিটি হেল্পডেস্ক স্থাপন, নিরাপদ যাতায়াত ও উন্নত স্ট্রিট লাইটিং নিশ্চিত করা হবে। সবশেষে, নেতৃত্ব প্রশিক্ষণ, পরামর্শদাতা নেটওয়ার্ক এবং কর্মক্ষেত্রে শিশু যত্ন সুবিধা (Child Care Facility) বাড়ানোর মাধ্যমে ‘নেতৃত্বে নারীর অংশগ্রহণ বৃদ্ধির জাতীয় উদ্যোগ’ নেওয়া হবে।

তারেক রহমান তার বার্তায় জোর দিয়ে বলেন যে, নারীরা যখন নিরাপদ, সমর্থিত ও ক্ষমতায়িত থাকে, তখন একটি জাতি হিসেবে বাংলাদেশের অপ্রতিরোধ্য হয়ে ওঠার পথ সুগম হয়। এই পাঁচটি জরুরি অগ্রাধিকার বাস্তবায়নের মাধ্যমে দেশের আগামী প্রজন্মের জন্য একটি সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন তিনি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden