গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তবে তিনি জানান ভারত তাঁকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের নয়াদিল্লিতে নির্বাসিত জীবনযাপন করছেন। তাঁর পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, ভারত তাঁকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং তিনি সেখানে 'একজন রাষ্ট্রপ্রধানের মতো' সম্মান পাচ্ছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা সেখানেই অবস্থান করছেন।
তবে, তাঁর নিরাপত্তা নিশ্চিতের খবরের পাশাপাশি মামলার রায় নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন জয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার মাত্র একদিন আগে তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
ওয়াজেদ ওয়াশিংটন ডিসি থেকে বলেছেন, "রায়ের বিষয়ে আমরা পুরোপুরি জানি কী হতে যাচ্ছে। তারা এটি সরাসরি সম্প্রচার করবে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে, এবং সম্ভবত মৃত্যুদণ্ডও দিতে পারে।" তিনি জোর দিয়ে বলেন, "ওরা আমার মায়ের সঙ্গে আর কী করতে পারে? আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।"
জাতিসংঘের একটি প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৪০০ মানুষ নিহত হয়েছিলেন এবং হাজার হাজার মানুষ আহত হন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর এই সহিংসতা ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ রাজনৈতিক সংঘাত।
এর আগে গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনাও জানিয়েছিলেন, তিনি দিল্লিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারলেও নিরাপত্তাজনিত কারণে তাঁকে সতর্ক থাকতে হয়। জয়ের এই চাঞ্চল্যকর মন্তব্য বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া এবং নির্বাসিত রাজনীতিবিদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0