ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভে অবরুদ্ধ নিতাই রায় চৌধুরীর গাড়ি | আই নিউজ বিডি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভে অবরুদ্ধ নিতাই রায় চৌধুরীর গাড়ি..

News Desk  avatar   
News Desk
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভে অবরুদ্ধ নিতাই রায় চৌধুরীর গাড়ি..
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভে অবরুদ্ধ নিতাই রায় চৌধুরীর গাড়ি..
ছবি: সংগৃহীত
মো. ইমরান মোল্যা, ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিল ও বিতর্কিত কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলামের বহিষ্কারের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে বোয়ালমারী পৌরসদরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে পদবঞ্চিত নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষোভকারীরা সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর গাড়িবহর আটকে তীব্র প্রতিবাদ জানান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মানববন্ধন চলাকালে একপর্যায়ে বিক্ষোভকারীরা মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের একাংশে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে পড়েন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তার গাড়ি আটকে বিক্ষোভকারীরা “আওয়ামী লীগ পুনর্বাসিত বিএনপির কমিটি বাতিল কর” এবং “বিতর্কিত খন্দকার নাসিরকে বহিষ্কার কর” স্লোগানে ফেটে পড়েন।

 

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে নিতাই রায় চৌধুরী বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান এবং পরবর্তীতে ঘটনাস্থল ত্যাগ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম আওয়ামী লীগপন্থী প্রায় ৭০ জনকে বিএনপির উপজেলা ও পৌর কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। তাদের দাবি, “দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের পদধারী ও সুবিধাভোগীদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে, যা দলের নীতির পরিপন্থী।”

 

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওয়াপদা মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন মিয়া, বিএনপি নেতা মফিজুর কাদের মিল্টন খান, জাকির হোসেন চৌধুরী, এনায়েত হোসেন, রইসুল ইসলাম পলাশ, হোসেন সালেহ রুবেল প্রমুখ।

 

বক্তারা দলীয় ঐক্য পুনরুদ্ধারে বিতর্কিত কমিটি বাতিল ও খন্দকার নাসিরুল ইসলামের বহিষ্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Комментариев нет


News Card Generator