দেশের স্থিতিশীলতা রক্ষা ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছে সেনাসদর। তারা জানিয়েছেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হোক। এতে দেশের স্থিতিশীলতা আরও মজবুত হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাসে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা সরকারের রূপরেখা অনুযায়ী কাজ করছি। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আর সেনাবাহিনী তখন ব্যারাকে ফিরে যাবে। আমরা সেই মুহূর্তের প্রতীক্ষায় আছি।”
তিনি আরও বলেন, “আপনারা জানেন, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু আমরা গত ১৫ মাস ধরে মাঠে আছি। নির্বাচনের পর হয়তো আরও কিছুদিন থাকতে হবে। এতে সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে। তবুও সেনাবাহিনী চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব পালন করছে, যা বাংলাদেশে বিরল এক অভিজ্ঞতা।”
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী সম্পর্কে ছড়ানো মিথ্যা তথ্য ও অপপ্রচারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালাচ্ছে। আমি সবাইকে নিশ্চিত করতে চাই — সেনাবাহিনী প্রধানসহ সিনিয়র নেতৃত্বের প্রতি বাহিনীর প্রতিটি সদস্য অনুগত ও ঐক্যবদ্ধ।”
তিনি আরও যোগ করেন, “এই ধরনের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই। আমরা বিশ্বাস করি, মিথ্যাকে প্রতিহত করতে সত্যের শক্তিই যথেষ্ট। সেনাবাহিনী তাদের দায়িত্বে অবিচল রয়েছে এবং দেশের সার্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সদা প্রস্তুত।”
সেনাসদর জানায়, চলমান পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং তারা আশা করছে নির্বাচনের পর দেশে আরও শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।
Aplikacija „Eye News BD”
Komentari 0