মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুরে জাকের পাটির বিশাল জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বহরা ইউনিয়ন পরিষদের সামনে মাধবপুর উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান হিজবুল্লার ইমাম আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী। তিনি বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি গোষ্ঠীর অপশক্তিকে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতেই হবে।”
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য দেন তরুণ অর্থনীতিবিদ ড. খাজা সায়েম আমির ফয়সাল মোজাদ্দেদী।
জনসভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মো. জয়নুল আবেদীন এবং সঞ্চালনা করেন হবিগঞ্জ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ।
এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাকের পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জাতির নৈতিক ও সামাজিক পুনর্জাগরণের লক্ষ্যে জাকের পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জনসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে মনতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে এসে সমাপ্ত হয়।