যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হাসনাত খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে গ্রামের একটি বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এরপর তিনি নিজে নেতৃত্বে অভিযান চালান। এ সময় রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়।
ওসি বলেন, “অস্ত্রটি দেশি না বিদেশি—তা এখনো নিশ্চিত নয়। পরীক্ষা শেষে বিষয়টি জানা যাবে।” তবে স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া পিস্তলটি বিদেশি হতে পারে।
অভিযান চলাকালে অস্ত্রের মালিক হিসেবে চিহ্নিত শাকিল হোসেন পালিয়ে যায়। তিনি ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
শাকিলের মা সখিনা বেগম সাংবাদিকদের বলেন, “প্রায় এক সপ্তাহ আগে আমার ছেলে রান্না ঘরের মাটির নিচে পিস্তলটি পুঁতে রাখে। আমি ঘটনাটি দেখেছিলাম, কিন্তু ভয় পেয়ে কাউকে কিছু বলিনি। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্থানীয়দের অভিযোগ, শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0