গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইল ভয়াবহ ‘জনসংখ্যা সুনামি’র কবলে পড়েছে; মাত্র আড়াই বছরে ১ লাখ ২৫ হাজারেরও বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী স্থায়ীভাবে বিদেশে পাড়ি জমিয়েছেন।
দখলদার ইসরাইল ভয়াবহ এক ‘সুনামি’র কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি সংসদ সদস্য গিলাদ কারিভ। গাজায় যুদ্ধবিরতি এবং পশ্চিম তীর দখলের বিল পাশ হওয়ার মধ্যেই দেশটির পার্লামেন্টে (নেসেট) পেশ করা এক বিশেষ প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের শুরুর দিক থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ১ লাখ ২৫ হাজারেরও বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী বিদেশে পাড়ি জমিয়েছেন— যা এত স্বল্প সময়ে মানবসম্পদের দিক থেকে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি হিসেবে চিহ্নিত হয়েছে।
গত ২০ অক্টোবর ইসরাইলি পার্লামেন্টের ইমিগ্রেশন ও অ্যাবসরপশন কমিটিতে এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ২০২২ সালের শুরু থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসরাইলের নিট অভিবাসন ভারসাম্য ১ লাখ ২৫ হাজার ২০০ জনের হ্রাস দেখায়। এই সংখ্যা মূলত যারা স্থায়ীভাবে দেশ ত্যাগ করেছেন কিন্তু ফিরে আসার পরিকল্পনা নেই, তাদের সংখ্যা থেকে দীর্ঘমেয়াদি প্রত্যাবর্তনকারীদের বাদ দিয়ে গণনা করা হয়েছে।
কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য গিলাদ কারিভ এই পরিস্থিতিকে কেবল অভিবাসনের ঢেউ নয়—বরং 'এটি একপ্রকার সুনামি' বলে উল্লেখ করেন, যেখানে ইসরায়েলিরা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে। কনেসেট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রস্তুত করা প্রতিবেদনটি বলছে, ২০২২ সালে প্রায় ৫৯,৪০০ ইসরাইলি দেশ ছেড়েছেন; ২০২৩ সালে এই সংখ্যা সর্বোচ্চ ৮২,৮০০ জনে পৌঁছায়। ২০২৪ সালের প্রথম আট মাসেই প্রায় ৫০,০০০ জন দেশত্যাগ করেছেন।
তুলনামূলকভাবে, ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি অভিবাসনের বার্ষিক গড় সংখ্যা ছিল প্রায় ৪০,৫০০ জন। অর্থাৎ, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রবণতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধই এই স্থায়ী দেশত্যাগের সংখ্যাবৃদ্ধিতে প্রভাব ফেলেছে এবং ২০২৫ সালেও এই প্রবণতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইসরাইল ২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করে, যে আগ্রাসনে প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি নিহত হন। দুই বছরের মাথায় চলতি মাসের শুরুতে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ভয়াবহ এই আগ্রাসনের অবসান ঘটে। তবে দখলদার ইসরাইল গাজায় যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাওয়ায় সেখানে শান্তির সম্ভাবনা এখনো অনিশ্চয়তার আবরণে ঢেকে আছে।
"Eye News BD" app
Mga komento 0