ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার ঘোষণার পর একশ্রেণির লোকের মাথা খারাপ হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, এই 'মাথা খারাপের দল' এখন কিছু আলেমকে কেনার প্রস্তাব দিচ্ছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভোলা জেলা পরিষদ হল রুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের আয়োজনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, গত ৫ আগস্টের পর দেশে ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরি হয়েছে। এটি দেশ রক্ষা, মানবতার কল্যাণ এবং বিদেশি তাঁবেদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটি সুযোগ। তিনি ইসলামী দলগুলোর প্রতি এই সুযোগ কাজে লাগিয়ে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে দেন যে, এই সুযোগ যদি কাজে লাগানো না যায়, তবে ভবিষ্যৎ প্রজন্ম তাদের ধিক্কার জানাবে।
তিনি বিগত ৫৩ বছরের রাষ্ট্র পরিচালনার সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় ধরে ইসলাম নামের গাছকে মাথা উঁচু করে দাঁড় করানোর চিন্তা করা হয়নি এবং অনেকে পরগাছার মতো অন্যের ওপর ভর করে চলেছে। তার মতে, সারা দেশে ইসলামের পক্ষে যে সুযোগ তৈরি হয়েছে, তা হাতছাড়া করা যাবে না। তিনি বিশ্বাস করেন, সবাই মিলে এক কণ্ঠে আওয়াজ তুলতে পারলে চোর, চাঁদাবাজ, খুনি, জালেম এবং বিদেশিদের তাঁবেদাররা দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, এ দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশে আজানের শব্দে মানুষের ঘুম ভাঙে। অথচ গত ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা মানবরচিত কুফরি তন্ত্র দিয়ে রাষ্ট্র চালিয়েছে। তাদের পরিচালনায় বাংলাদেশ বিশ্বের মধ্যে দুর্নীতি ও চোরের দিক থেকে পাঁচবার প্রথম হয়েছে এবং দেশের টাকা বিদেশে পাচার করে 'বেগমপাড়া' তৈরি হয়েছে।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরির সভাপতিত্বে সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমানসহ মাওলানা শফিউদ্দীন, মাওলানা মুহাম্মদ আবু সালেহ, মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা তরিকুল ইসলাম তারেক, প্রফেসর মাওলানা কামাল উদ্দিন এবং মাওলানা রেজাউল করিম বোরহানী প্রমুখ বক্তব্য দেন।