এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ার আহ্বান এনসিপির
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি দ্রুততম সময়ে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দলটির মতে, শিক্ষকদের দীর্ঘদিনের যৌক্তিক আন্দোলনের প্রতি শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (শিক্ষা ও গবেষণা) ফয়সাল মাহমুদ শান্ত বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে পুলিশি হামলা চালানো অমানবিক ও অগ্রহণযোগ্য। সরকার দ্রুত এই দাবি মেনে নিয়ে শিক্ষকদের আন্দোলনের অবসান ঘটাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষকদের এই আন্দোলনের শুরু থেকেই এনসিপি শিক্ষকদের পাশে আছে। এর ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত শিক্ষকদের কর্মসূচিতে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং তিনি নিজে উপস্থিত থেকে শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
ফয়সাল মাহমুদ শান্ত বলেন, “শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি তাদের পাশে থেকে লড়াই চালিয়ে যাবে।”
এনসিপি মনে করে, স্বাধীনতার পর থেকে শিক্ষা ব্যবস্থাকে অকার্যকর ও শিক্ষক সমাজকে অবমূল্যায়ন করার যে প্রক্রিয়া চালু হয়েছে, তা ভেঙে নতুন শিক্ষা কাঠামো গড়ে তোলা প্রয়োজন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম “নতুন বাংলাদেশের ইশতেহার”-এ ২৪ দফা কর্মসূচির মধ্যে শিক্ষাকে নতুনভাবে পুনর্গঠন এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো প্রণয়নের অঙ্গীকার করেছেন।
দলটির বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
জাতীয় নাগরিক পার্টি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থেকে কাজ করে যাবে।
সূত্র: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)