রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, বিএনপির বর্তমান রাজনীতি ইতিবাচক ও আধুনিক বাংলাদেশের দিকেই অগ্রসর হচ্ছে। তারেক রহমান যদি লিবারেল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে দাঁড় করাতে পারেন, তবে ভবিষ্যৎ হবে উজ্জ্বল।
রাজনৈতিক বিশ্লেষক ও জনপ্রিয় টক শো উপস্থাপক জিল্লুর রহমান মনে করেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির অবস্থান ক্রমেই ইতিবাচক হয়ে উঠছে। তাঁর ভাষায়, “এখন দেশে ডানপন্থীদের জয়-জয়কার। আওয়াজের দিক থেকে তারা জনপ্রিয়। সেই দিক থেকে বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান অত্যন্ত ইতিবাচক।”
যদিও এই পথটি সহজ নয়, তবু বিএনপির এই নতুন রাজনৈতিক অবস্থান ভবিষ্যতের জন্য অনেক আশা জাগায়। “যদি তারেক রহমান এই রাজনীতিটা ধরে রাখতে পারেন—একটা আধুনিক বাংলাদেশের রাজনীতি, একটি লিবারেল ডেমোক্রেট পার্টি হিসেবে বিএনপিকে দাঁড় করাতে পারেন—তাহলে ভবিষ্যৎ তাদের জন্য অনেক উজ্জ্বল হবে,” বলেন জিল্লুর রহমান।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব মন্তব্য করেন। সেখানে তিনি বিশ্লেষণ করেন বিএনপির সাম্প্রতিক কার্যক্রম ও তারেক রহমানের নেতৃত্বের ধরন। তাঁর মতে, গত কয়েক বছরে বিএনপির রাজনীতিতে এক ধরনের মধ্যপন্থা লক্ষ্য করা যাচ্ছে।
“তারেক রহমান গত কয়েক বছর ধরে বিএনপির মূল নেতৃত্বে আছেন। যদিও তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু তাঁর নেতৃত্বে বিএনপি ক্রমে মধ্যপন্থী রাজনীতির দিকে এগোচ্ছে। এটি বিশেষভাবে লক্ষ্যণীয় হয়েছে জুলাই অভ্যুত্থানের পর,” বলেন জিল্লুর রহমান।
বিশ্বজুড়ে ডানপন্থার উত্থান দেখা যাচ্ছে। সেই প্রেক্ষাপটে বিএনপি যদি একটি আধুনিক, সহনশীল ও উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে নিজেকে পুনর্গঠন করতে পারে, তবে সেটি দেশের গণতন্ত্রের জন্যও ইতিবাচক হবে।
জিল্লুর রহমান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য ও সাক্ষাৎকারের প্রশংসা করে বলেন, “তারেক রহমান এখন যেভাবে কথা বলছেন, তাতে তিনি অত্যন্ত ইতিবাচক মানসিকতার পরিচয় দিচ্ছেন। তিনি প্রতিদ্বন্দ্বী দলগুলো সম্পর্কে কোনো অশালীন মন্তব্য করেননি, নাম ধরে সমালোচনাও করেননি। তাঁর মধ্যে রাজনৈতিক শালীনতা দেখা যাচ্ছে, যা রাজনীতিতে অত্যন্ত প্রয়োজন।
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন। তাঁর মতে, “বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নাম। তিনি আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে জায়গা করে নিয়েছেন। কম কথা বলতেন, কিন্তু তাঁর ব্যক্তিত্ব, দৃঢ়তা ও নেতৃত্বগুণের কারণে মানুষ তাঁকে ভালোবাসত। এখনো বাংলাদেশের ইতিহাসে তিনি অন্যতম জনপ্রিয় নেত্রী।
রাজনীতিতে সহনশীলতা ও ইতিবাচকতার সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জিল্লুর রহমান বলেন, “দেশে এখন এমন এক রাজনীতির প্রয়োজন, যেখানে ভিন্নমতের প্রতি সম্মান থাকবে। বিএনপি যদি সত্যিই সেই পথে হাঁটে, তবে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন অধ্যায় রচিত হতে পারে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0