চট্টগ্রাম নগরে ফাঁদ পেতে এক মুরগি ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পৃথক অভিযানে নগরের বাকলিয়া ও পাঁচলাইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সুলতানা আক্তার জেসি (২৪) ও হাবিবুর রহমান (২২)। পুলিশ জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ অক্টোবর বিকেলে বাদী জিয়াউল হক (৪৬) কে ফোন করে সুলতানা আক্তার জানান, তার গায়ে গরম পানি পড়েছে এবং চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন। সহানুভূতিশীল জিয়াউল হক নগদ এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে সুলতানার বাসায় যান।
বাসায় প্রবেশের সঙ্গে সঙ্গেই সুলতানা আক্তার ও তিনজন অজ্ঞাত সহযোগী মিলে ব্যবসায়ীকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভয়ভীতির মধ্যে জিয়াউল হক সঙ্গে থাকা টাকা দিয়ে দেন। পরে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা আদায় করে চক্রটি।
ঘটনার পর জিয়াউল হক পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বাকলিয়া থানার ফুলকলি এলাকা থেকে সুলতানা আক্তারকে গ্রেপ্তার করে এবং তার বোনের বাসা থেকে উদ্ধার করে ১২ হাজার টাকা। তার দেখানো মতে মোহাম্মদপুর এলাকা থেকে সহযোগী হাবিবুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমন দত্ত জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, গ্রেপ্তার হাবিবুর রহমান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ার আবদু রহমানের ছেলে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Yorumlar 0