গাজায় ইসরাইলি আগ্রাসনে সহযোগিতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও তার দুই মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মুখে ইতালিজুড়ে চলছে বিক্ষোভ।
ইসরাইলি আগ্রাসনে সহযোগিতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা হয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানির বিরুদ্ধে। মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে মেলোনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। তবে তিনি বলেন, কারা এই মামলা করেছেন তা এখনো পরিষ্কার নয়।
বুধবার (৮ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মামলায় নাম এসেছে ইতালির শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দোর প্রধান রবার্তো চিনগোলানিরও। অভিযোগে বলা হয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা করেছে ইতালির সরকার।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রাই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলোনি বলেন, “বিশ্বে বা ইতিহাসে এরকম নজির আর নেই—একটি গণতান্ত্রিক দেশের সরকারপ্রধানকে গণহত্যায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।” তবে তিনি স্পষ্ট করেননি, কোন ভিত্তিতে এই মন্তব্য করেছেন।
গত এক সপ্তাহ ধরে ইতালির বিভিন্ন শহরে গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। লক্ষাধিক মানুষ রোম, মিলান, নেপলসসহ বড় শহরগুলোতে মিছিল করছে। অনেকেই মেলোনির সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলছেন, ইতালি যেন নীরব সমর্থনের মাধ্যমে ইসরাইলি আগ্রাসনকে বৈধতা দিচ্ছে।
ইতালির ডানপন্থি সরকার দীর্ঘদিন ধরে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময় তারা ইসরাইলের ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ নিয়ে সমালোচনাও করেছে। তবুও ইতালি এখনো পর্যন্ত ইসরাইলের সঙ্গে কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেনি এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিও দেয়নি।
ইসরাইলের গাজা অভিযান শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর। সে ঘটনায় প্রায় ১,২০০ ইসরাইলি নাগরিক নিহত হন এবং প্রায় ২৫১ জনকে বন্দি করে নিয়ে যায় হামাস। পরবর্তী ইসরাইলি পাল্টা হামলায় গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
ইসরাইল এই গণহত্যার অভিযোগ অস্বীকার করলেও আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে রয়েছে।
মেলোনি বলেন, “ইতালি ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলে কোনো নতুন অস্ত্র সরবরাহ অনুমোদন করেনি।” প্রতিরক্ষা কোম্পানি লিওনার্দোর মুখপাত্র জানান, তাদের প্রধান চিনগোলানি ইতোমধ্যেই অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন ষড়যন্ত্র’ বলে প্রত্যাখ্যান করেছেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মামলা শুধু আইনি নয়—এর গভীরে রয়েছে ইউরোপীয় রাজনীতির নৈতিক প্রশ্ন। ইসরাইলের প্রতি অন্ধ সমর্থন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ইউরোপের সাধারণ মানুষ এখন ক্রমেই সোচ্চার হচ্ছে, যার প্রতিফলন ঘটছে রাস্তায় বিক্ষোভে।
বিশ্লেষকদের মতে, মেলোনি সরকারের জন্য এই মামলা শুধু কূটনৈতিক সংকট নয়, বরং রাজনৈতিক ভবিষ্যতের বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে।
'Eye News BD' ایپ
تبصرے 0