লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ঘিরে রহস্যের অবসান। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অবশেষে মুখ খুললেন তারেক, জানালেন নির্বাচনের বাইরেও কী বিষয়ে কথা হয়েছিল।
লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন চলছিল। গত ১৩ জুন অনুষ্ঠিত এই বৈঠকটি শুধু রাজনৈতিকভাবেই নয়, বরং দেশের ভবিষ্যৎ রাজনীতির মোড় ঘোরানোর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। বৈঠকের পর থেকেই জাতীয় নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ও ধোঁয়াশা বিরাজ করছিল, তা অনেকটাই কেটে যায়। অনেকেই একে ‘ঐতিহাসিক বৈঠক’ বলে অভিহিত করেন।
তবে এতদিন ধরে আলোচনায় থাকলেও, নির্বাচনের বাইরে ঠিক কী নিয়ে কথা হয়েছিল, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অবশেষে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সেই রহস্যের অবসান ঘটালেন তারেক রহমান।
বিবিসির প্রশ্নে— “নির্বাচনের বাইরে ড. ইউনূসের সঙ্গে কোনো আলাপ হয়েছিল কি?”— উত্তরে তারেক রহমান বলেন, “ড. ইউনূস একজন অত্যন্ত জ্ঞানী ও অভিজ্ঞ মানুষ। সৌজন্য সাক্ষাতে নানা বিষয়ে আলোচনা হতেই পারে— সেটাই স্বাভাবিক। নির্বাচনের বাইরে দেশের অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।”
তিনি আরও বলেন, “ড. ইউনূস জানতে চেয়েছিলেন, যদি জনগণ আমাদের সুযোগ দেয়— তাহলে আমরা দেশের জন্য কী ধরনের পদক্ষেপ নেব। আমি তাঁকে আমার চিন্তা, পরিকল্পনা ও দেশ পরিচালনার কৌশল সম্পর্কে জানিয়েছি। জনগণের কল্যাণে আমরা কীভাবে পরিবর্তন আনতে চাই, সে বিষয়েও বিস্তারিত কথা হয়েছে।”
তারেক রহমানের এই বক্তব্যের মধ্য দিয়ে লন্ডনের আলোচিত বৈঠকটি নিয়ে অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেল বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। বৈঠকটি যে শুধু নির্বাচনের প্রস্তুতি নয়, বরং দেশের ভবিষ্যৎ নীতিমালা ও প্রশাসনিক সংস্কারের দিকেও নজর দিয়েছে— তা এখন স্পষ্ট।
সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তারেক রহমান অন্তর্বর্তী সরকার, ভারতের সঙ্গে সম্পর্ক, এবং প্রশাসনিক সংস্কার বিষয়েও কথা বলেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, একটি কার্যকর, জবাবদিহিমূলক ও স্বচ্ছ শাসন ব্যবস্থা গঠনের লক্ষ্যেই তাদের রাজনৈতিক অবস্থান দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, এই সাক্ষাৎকার শুধু বিএনপি সমর্থকদের জন্যই নয়, বরং পুরো দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন দিকনির্দেশনা এনে দিয়েছে। ড. ইউনূস ও তারেক রহমানের আলোচনার মূল বার্তা এখন স্পষ্ট— বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আর আগের মতো থাকবে না।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0