জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম প্রশ্ন তুলেছেন, দেশে কি প্রতীকের অভাব পড়েছে যে নির্বাচন কমিশন মুলা, বেগুনের মতো হাস্যকর প্রতীক ব্যবহার করছে? তিনি ইসির রুচি ও নিরপেক্ষতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় মুলা, বেগুন, খাট বা থালাবাটির মতো প্রতীক দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি প্রশ্ন তুলেছেন, দেশে কি প্রতীকের অভাব পড়েছে যে মানুষের হাসির খোরাক জোগায় এমন প্রতীক নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে?
রোববার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের শের-ই-বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, “যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, সেগুলো নির্বাচন কমিশনের মার্কার তালিকায় কীভাবে থাকে? এটা তো তাদের রুচিবোধের প্রকাশ। একটি নির্বাচন কমিশনের মার্কায় মুলা, বেগুন, খাট বা থালাবাটি থাকতে পারে না। দেশে কি সত্যিই মার্কার অভাব পড়েছে? আমরা আশা করছি, তারা এটি সংশোধন করবে।
তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট দেখছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। তারা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে এবং কোনো প্রভাবের অধীনে কাজ করছে। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। প্রয়োজনে রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব। আগামীর নির্বাচনে আমরা ‘শাপলা’ প্রতীক নিয়েই অংশগ্রহণ করব।
সারজিস আলম জানান, আইনগত কোনো বাধা না থাকায় তারা ‘শাপলা’ প্রতীক ছাড়া অন্য কিছু ভাবছেন না। আমরা সর্বশেষ সাদা শাপলা ও লাল শাপলার বিকল্প দিয়েছিলাম। যদি একান্তই শাপলার সঙ্গে কিছু যুক্ত করতে হয়, তাতেও আমাদের আপত্তি নেই, যোগ করেন তিনি।
এনসিপির এই নেতা ভারত সরকারের আচরণ নিয়েও তীব্র সমালোচনা করেন। তার দাবি, ভারত হঠাৎ করে মহানন্দা নদীর উজানে তাদের স্লুইচ গেটের ৯টি খুলে দেওয়ায় বাংলাবান্ধায় একটি গ্রাম ঝুঁকিতে পড়েছে এবং নদীর পাড় ভেঙে যাচ্ছে। তিনি বলেন, “ভারত যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র হতে চায়, তাহলে তাদের আচরণও প্রতিবেশীর মতো হতে হবে। তারা ইচ্ছেমতো স্লুইচ গেট খুলে বা বন্ধ করে দেয়, যা দুই দেশের সম্পর্কের জন্য ভালো বার্তা নয়। এতে বাংলাদেশের মানুষের মধ্যে এন্টি-ইন্ডিয়ান মনোভাব আরও বাড়বে।
তিনি আরও সতর্ক করে বলেন, “অনেক নদীর উৎপত্তি ভারতে নয়, নেপাল বা চীনে। যদি তারা এমন আচরণ করে, ভারতকেও একদিন সমস্যায় পড়তে হবে। সব দিন ভারতের নয় — বাংলাদেশেরও দিন আসবে। আমরা তাদের কাছ থেকে সমতা ও ভ্রাতৃত্বের আচরণ প্রত্যাশা করি। পাশাপাশি বলতে চাই, যতদিন তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিচ্ছে, বাংলাদেশের জনগণের কাছ থেকে যে মনোভাব তারা আশা করে তা পাবে না।
সারজিস আলম আরও জানান, জেলার পাঁচ উপজেলার ১২০টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এনসিপির মাধ্যমে প্রায় সাড়ে ৩ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। মতবিনিময় শেষে গণ-অভ্যুত্থানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় এনসিপি পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়ক নয়ন তানবীরুল বারীসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতারা উপস্থিত ছিলেন।
برنامه «Eye News BD»
نظرات 0