বোয়ালমারীতে প্রকাশ্যে দেড় লাখ টাকা ও মোবাইল ছিনতাই | আই নিউজ বিডি

বোয়ালমারীতে প্রকাশ্যে দেড় লাখ টাকা ও মোবাইল ছিনতাই

ফরিদপুর ব্যুরো avatar   
ফরিদপুর ব্যুরো
বোয়ালমারীতে প্রকাশ্যে দেড় লাখ টাকা ও মোবাইল ছিনতাই
বোয়ালমারীতে প্রকাশ্যে দেড় লাখ টাকা ও মোবাইল ছিনতাই
ছবি: সংগৃহীত
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারীর পরমেশ্বরদীতে শনিবার (৪ অক্টোবর) দিনদুপুরে প্রকাশ্যে এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলায় মো. বিশু শেখ (৩৬) গুরুতর আহত হন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত বিশু শেখ রবিবার (৫ অক্টোবর) বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে বিশু শেখ তার ভগ্নিপতি মোঃ নান্নু মাতুব্বরের (৫০) বাড়ি, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ইয়াবুলদি গ্রাম থেকে অটোভ্যানে ময়েনদিয়া বাজারে আসেন। সেখানে চা পান শেষে ভগ্নিপতি নান্নু মাতুব্বর তার লুঙ্গির কোচড়ে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা বিশুর হাতে তুলে দেন। টাকা তিনি নিজের প্যান্টের ডান পকেটে রেখে ভ্যানে চড়ে পরমেশ্বরদীর উদ্দেশ্যে রওনা দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ফকিরপাড়া বাঁশবাগান এলাকায় পৌঁছালে পেছন থেকে তিনটি মোটরসাইকেলে ৭–৮ জন মুখোশধারী দুর্বৃত্ত এসে তাদের গতিরোধ করে। এ সময় স্থানীয় চারজন—শিপন (২৪), হৃদয় (২৫), রাজিব (২২) ও ইমদাদুল (২৩)—সহ অজ্ঞাতনামা আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা প্রথমে বিশুর ভগ্নিপতিকে বেধে ফেলে এবং টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে শিপন তার হাতে থাকা রামদা দিয়ে বিশুর মাথায় কোপ মারে, এতে তিনি গুরুতর রক্তাক্ত হন। এরপর আরও দুজন আসামি চাপাতি ও লোহার পাইপ দিয়ে তার পায়ে আঘাত করে, ফলে তার হাড় ভেঙে যায়।

পরে আসামিরা বিশুর পকেটে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন (মূল্য আনুমানিক ১,৫০০ টাকা) ছিনিয়ে নেয়। আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ভুক্তভোগীকে হুমকি দেয়—ঘটনা জানালে প্রাণনাশ করা হবে।

পরে স্থানীয়রা আহত বিশু শেখকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আত্মীয়দের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

No se encontraron comentarios


News Card Generator