ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি জামায়াতও ধর্মের জন্য ক্ষতিকর: আমিনুল

BNP leader Aminul Haque warns that Jamaat is exploiting religion for political gain, saying it is as harmful to faith as smoking is to health.
Partager sur Eidok
ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি জামায়াতও ধর্মের জন্য ক্ষতিকর: আমিনুল
Photo : collectée

ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটছে জামায়াতে ইসলামী — এমন অভিযোগ এনে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর।” তিনি আরও বলেন, “ধর্মকে রাজনৈতিক সুবিধার হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াত ধর্ম ও সমাজ উভয়ের জন্যই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর পল্লবীর প্যারিস রোডের শাহীন স্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

আমিনুল হক বলেন, “আমরা মুসলমান হিসেবে সব ধর্মকে সম্মান করি। কিন্তু যারা ধর্মকে বিকৃত করে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়, তারা কখনোই সফল হবে না। সম্প্রতি এক জামায়াত নেতা বলেছেন, ‘রোজা আর পূজা নাকি একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’ এই ধরনের শিরকি ও বিভ্রান্তিকর বক্তব্য বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।

তিনি আরও বলেন, “আমরা চাই একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেমিশে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সঙ্গে বসবাস করবে। কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুন করে রাজনীতি শুরু করেছে, যা দেশের শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করছে।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, “কিছু রাজনৈতিক মহল আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। দুই-একটি দল এবং একটি ইসলামিক দল পিআরের নামে ও নানা অজুহাতে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। এই অপচেষ্টা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারবিরোধী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম প্রমুখ।

পরে পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডের বাউনিয়াবাধ ডি-ব্লক বেড়িবাঁধ সংলগ্ন আরবান শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আমিনুল হক। সেখানে তিনি দেশের পরিবেশ রক্ষায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছি। যারা ধর্মকে বিকৃত করে বিভাজনের রাজনীতি করছে, তারা কখনোই সফল হবে না। জনগণ শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ চায়, বিভেদ আর ঘৃণার রাজনীতি নয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé