বাংলাদেশের সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বিতর্কিত এক মন্তব্য। গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ত্যাগ ও অবদান অস্বীকার করার অভিযোগে সংগঠনটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সংগঠন জুলাই রেভ্যুলেনারি জার্নালিস্টস’ অ্যালায়েন্স (জেআরজেএ)।
জেআরজেএ-এর সদস্য সচিব ইসরাফিল ফরাজী এক বিবৃতিতে জানান, বাগছাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান সম্প্রতি এক বক্তব্যে বলেন, “জুলাইয়ে যখন আমরা লড়াই করেছি, তখন কোনো মিডিয়া আমাদের পক্ষে ছিল না।” এই বক্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে নিন্দার ঝড় বয়ে যায়।
বিবৃতিতে জেআরজেএ কঠোর ভাষায় জানায়, “তিনি ঢালাওভাবে এই বক্তব্য দিয়ে গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন। তার এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে জুলাই রেভ্যুলেশনারি জার্নালিস্টস' অ্যালায়েন্স।”
জেআরজেএ-র পক্ষ থেকে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন সাংবাদিকরা। অথচ বাগছাসের কোনো নেতার রক্ত ঝরেনি সেই সময়ে। শত শত সাংবাদিকের আত্মত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত এই গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে বাগছাস ইতিহাস বিকৃতির অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে সাংবাদিক সংগঠনটি আরও দাবি করে, সাংবাদিক সমাজ সবসময়ই গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে লড়েছে। সেই সাংবাদিকদের অবদান অস্বীকার করে এমন মন্তব্য শুধু ইতিহাসের প্রতি অবজ্ঞা নয়, এটি শহীদদের আত্মত্যাগের প্রতি একধরনের চরম অবমাননা।
তারা সতর্ক করে দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাহিদ আহসান ও বাগছাস প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে ক্ষমা না চাইলে সাংবাদিকরা বাগছাসের সব কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নেবেন। এমনকি ভবিষ্যতে তাদের সঙ্গে কোনো সহযোগিতা বা যোগাযোগও রাখবে না সাংবাদিক সমাজ।
জেআরজেএ-র নেতারা আরও জানান, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য শুধু সাংবাদিকদেরই অপমান করে না, বরং গণআন্দোলনের ইতিহাসকেও বিকৃত করে। ইতিহাসের নায়কদের অপমান করার যে কোনো প্রয়াস কঠোরভাবে প্রতিহত করা হবে।
সাংবাদিক সমাজের নেতারা আশা প্রকাশ করেছেন, বাগছাস তাদের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইবে এবং ইতিহাস ও শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে। নচেৎ সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অবমাননাকর মন্তব্য করার সাহস না পায়।
برنامه «Eye News BD»
نظرات 0