ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার মধ্য উত্তমপুর তালতলা বাজার সড়কটি পাকাকরণের দাবিতে এলাকাবাসী এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে তালুকদার বাড়ি এলাকায় মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতীকী প্রতিবাদে কচুগাছ রোপণ
বৃষ্টি উপেক্ষা করে স্থানীয়রা রাস্তায় নেমে এসে তাঁদের তীব্র ক্ষোভ প্রকাশ করেন। চলাচলের অযোগ্য হয়ে পড়া কর্দমাক্ত রাস্তার বেহাল দশা বোঝাতে তাঁরা রাস্তার মধ্যে প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে বীজতলা ও কচুগাছ রোপণ করেন।
মানববন্ধনটি মধ্য উত্তমপুর তালতলা বাজার থেকে তালুকদার বাড়ি, চল্লিশ কাহনিয়া মৃধাবাড়ি হয়ে প্যাদাবাড়ি স্কুল পর্যন্ত বিস্তৃত প্রায় আড়াই কিলোমিটার মাটির রাস্তা পাকাকরণের দাবিতে অনুষ্ঠিত হয়।
বক্তাদের ক্ষোভ ও দাবি
মানববন্ধনে বক্তারা বিগত বহু বছর ধরে সড়কটি মেরামত বা পাকা করার কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। চল্লিশ কাহনিয়া গ্রামের সাইদুল ইসলাম, বেল্লাল হোসেন, আফজাল হোসেন এবং উত্তমপুর গ্রামের রাসেল, জলিল মৃধা, সুমন ও খলিলুর রহমান মৃধা বক্তব্য দেন।
বক্তারা বলেন, "বর্ষা মৌসুমে রাস্তাটি সম্পূর্ণভাবে কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই কারণে চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালেক কলেজ, বালিকা বিদ্যালয়, নুরানি মাদ্রাসাসহ অন্তত ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।"
তাঁরা আরও উল্লেখ করেন, চল্লিশ কাহনিয়া ও উত্তমপুর এই দুটি গ্রামের দুই হাজারের বেশি মানুষ এবং রোগীদের জরুরি চলাচলের ক্ষেত্রে সীমাহীন ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বক্তারা দ্রুত এই সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
تطبيق «Eye News BD»
تعليقات 0