গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বৈশ্বিক উদ্যোগ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজে জলকামান ছুড়েছে ইসরায়েলি বাহিনী। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সামরিক জাহাজ থেকেই এই জলকামান নিক্ষেপ করা হয়েছে। বুধবার প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, গাজাগামী নৌবহরের একটি জাহাজে প্রবল জলকামান ছোড়া হচ্ছে।
জানা গেছে, ‘মিকেনো’ নামের জাহাজে থাকা অধিকারকর্মী মুহাম্মদ হুজেফে কুকুকায়তেকিন জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনীর একটি জাহাজ প্রায় ১০ মিনিট ধরে তাঁদের পিছু নেয় এবং পরে কাছে এসে জলকামান ছুড়তে শুরু করে। তিনি বলেন, “আমাদের জাহাজ ও সব সামগ্রী ভিজে গেছে। তারা প্রায় ১০ মিনিট পানি ছুড়েছে। আমাদের ইঞ্জিন বন্ধ করতে বলেছিল, কিন্তু আমরা যাত্রা অব্যাহত রেখেছি। আমাদের কয়েকজন বন্ধুর প্রচণ্ড ঠান্ডা লেগেছে এবং কয়েকজন নারী কর্মী অত্যন্ত কষ্টকর অবস্থায় আছেন।”
তিনি আরও জানান, “তারা আমাদের হাত ওপরে তুলতে বলে। প্রায় ১০ থেকে ১২ মিনিট পর তারা সরে যায়।” প্রকাশিত ভিডিওতে দেখা জাহাজটির নাম ‘মিকেনো’। রয়টার্স জানিয়েছে, এটি সত্যিই ‘মিকেনো’ জাহাজ এবং এর আগেও কুকুকায়তেকিন ওই জাহাজ থেকেই লাইভ ভিডিও করেছিলেন। সংস্থাটি নিশ্চিত করেছে, প্রতিটি ক্লিপে একই কণ্ঠ শোনা গেছে। তবে ভিডিওগুলো ঠিক কখন ও কোথায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজ ইতোমধ্যেই ইসরায়েল আটক করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।”
মানবিক সহায়তা পৌঁছে দিতে শুরু হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি বৈশ্বিক প্রচেষ্টা, যার উদ্দেশ্য সমুদ্রপথে গাজায় ত্রাণ পাঠানো। এতে রয়েছে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান এবং প্রায় ৪৪টি দেশের ৫০০ জন প্রতিনিধি। যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকরা এই অভিযানে অংশ নিয়েছেন।
ফ্লোটিলার প্রথম বহরটি ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান যুক্ত হয়। পরে গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও একাধিক জাহাজ ত্রাণ নিয়ে যোগ দেয় এই মানবিক মিশনে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বর্তমানে গাজার দিকে এগোচ্ছে মানবিক ত্রাণ পৌঁছে দিতে, কিন্তু ইসরায়েলি বাধার কারণে যাত্রা জটিল হয়ে পড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি মানবিক সহায়তার পথে এক ধরনের বাধা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।
ইসরায়েলের এই জলকামান হামলা নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। পর্যবেক্ষকরা বলছেন, মানবিক সহায়তার ওপর এমন আক্রমণ শুধু মানবিক সংকটকে আরও গভীর করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থানকে প্রশ্নের মুখে ফেলবে।
App «Eye News BD»
Commenti 0