মোঃ নুরুল্লাহ
যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে দুর্বৃত্তরা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে। মঙ্গলবার রাতের ঘটনায় আহত হয়েছেন পরিবারের পাঁচ সদস্য, যাদের মধ্যে দুজন এখনও সুস্থ হয়নি।
ক্ষতিগ্রস্ত তরুণ কুমার পাল জানান, সোমবার রাত ১০টার দিকে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেওয়ায় ঘুমের মধ্যে চোররা বসতঘরের জানালার গ্রিল ভেঙে ঢুকে শোকেস ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার এবং ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়। তিনি বলেন, “খাবার খাওয়ার পর আমাদের মাথা ঘোরাচ্ছিল, বমি বমি ভাব হচ্ছিল। সকালে ঘুম ভাঙার পর দেখি সব কিছু এলোমেলো, লুটপাট চালানো হয়েছে।”
স্থানীয়রা জানিয়েছেন, চোরচক্র রান্নাঘরের পেছনের জানালা ভেঙে রান্না করা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে লুটপাট চালিয়েছে। ঘটনাস্থল থেকে শাবল ও সেলাই রেঞ্জ ফেলে গেছে।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে থানার ওসি (তদন্ত) বদরুজ্জামানসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের তদন্ত চলছে এবং পরিবারের অভিযোগ অনুযায়ী ৫-৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৩০ হাজার টাকা লুট হয়েছে।