ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫:
মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি দ্বৈত বেঞ্চ — বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যোবায়ের — আজ আলগি ও হামিরদি ইউনিয়নের সীমানা পরিবর্তন সংক্রান্ত দুটি রিট পিটিশনের শুনানি গ্রহণ করেন। শুনানির পর আদালত "কেন উক্ত দুই ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনের সঙ্গে সংযুক্ত করা হবে না"— এই মর্মে রুল জারি করেন।
রিট আবেদনকারীদের পক্ষ থেকে আদালতে জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত গেজেট প্রকাশ করে, যার মাধ্যমে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের অন্তর্ভুক্ত করা হয়।
অভিযোগে বলা হয়, এ গেজেট প্রকাশের আগে ৩০ জুলাই ২০২৫ তারিখে কমিশনের পক্ষ থেকে ৩৯টি আসনের জন্য মতামত আহ্বান করা হলেও, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসনের নাম সেখানে উল্লেখ ছিল না। ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ তাদের মতামত প্রদান করতে পারেননি।
রিটে আরও উল্লেখ করা হয়, আলগি ও হামিরদি ইউনিয়নবাসী দীর্ঘদিন যাবত ফরিদপুর-৪ আসনের সঙ্গে সংযুক্ত থাকার দাবি জানিয়ে আসছেন। ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে এই দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনের আওতায় ছিল। এমনকি ফরিদপুরের জেলা প্রশাসক মহোদয়ও ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নির্বাচন কমিশনের কাছে একটি পত্র প্রেরণ করেন, যেখানে এই দুই ইউনিয়নকে ফরিদপুর-৪ এর অন্তর্ভুক্ত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আদালতে রিট আবেদনকারীরা আরও বলেন, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা নির্ধারণ আইন, ২০২১ অনুযায়ী, সীমানা নির্ধারণে প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক অখণ্ডতা ও জনসংখ্যার বাস্তব বিভাজন বিবেচনায় নিতে বলা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায়, আলগি ও হামিরদি ইউনিয়ন থেকে ভাঙ্গা উপজেলা সদরের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার, যেখানে নগরকান্দা উপজেলা ৩০-৩৫ কিলোমিটার দূরে। তদুপরি, হাসপাতাল ও অন্যান্য সরকারি সেবা ভাঙ্গা কেন্দ্রিক হওয়ায় প্রশাসনিক সুবিধাও ভাঙ্গার সঙ্গে জড়িত।
উক্ত যুক্তিগুলো পর্যালোচনা করে মহামান্য হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, কেন এই দুই ইউনিয়নকে ফরিদপুর-৪ এর সীমানায় পুনঃসংযুক্ত করা হবে না।
এই বিষয়ে পরবর্তী শুনানির তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0