গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সদস্য সচিব আলাউদ্দিন সুমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস ও নতুন প্রত্যাশা। দীর্ঘদিন ধরে ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি দায়িত্বশীল, সক্রিয় ও সংগ্রামী ভুমিকার জন্য সুপরিচিত।
দলের নেতাকর্মীরা জানান, নানা প্রতিকূলতা ও সাংগঠনিক চ্যালেঞ্জের মুহূর্তে আলাউদ্দিন সুমন সবসময় মাঠে থেকেছেন। তাঁর নেতৃত্বে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল নতুন উদ্যমে সাংগঠনিক শক্তি পুনর্গঠিত করবে এবং ঐক্যবদ্ধ একটি নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছেন তাঁরা।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আলাউদ্দিন সুমন বলেন, “দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, আমি সেটি সর্বোচ্চভাবে পালনের চেষ্টা করবো। ছাত্রদলের নীতি-আদর্শকে এগিয়ে নিতে সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করাই হবে আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি এই পদে দায়িত্ব পেয়েছি মানে এই নয় যে একমাত্র আমিই যোগ্য। এখানে অনেকের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম রয়েছে, যদিও তারা প্রত্যাশিত জায়গায় আসতে পারেননি। ইনশাআল্লাহ আমরা সবাই জাতীয়তাবাদী পরিবারের অংশ হয়ে, ঐক্যবদ্ধভাবে অগ্রসর হবো।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আলাউদ্দিন সুমনের দায়িত্ব গ্রহণ ছাত্রদলের মাঠপর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করা, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং ছাত্রদলের ভাবমূর্তি উজ্জ্বল করা তাঁর অগ্রাধিকার হবে।
আংশিক কমিটির মাধ্যমে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেখানে সদস্য সচিব আলাউদ্দিন সুমনের নেতৃত্ব ইতিমধ্যেই কর্মীদের মধ্যে আস্থা ও আশার প্রতীক হয়ে উঠেছে।